গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের উত্তাল পরিস্থিতির মধ্যেই 'ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড' নামের একটি কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মহাসড়কে শ্রমিক আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বিপাকে পড়তে হয়। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাহারায় উল্টো পথ দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে রওনা দেয়। তবে সকাল থেকে চলা শ্রমিক বিক্ষোভের জেরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে ফিরে আসে। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে বিজিবির এসকর্ট বা পাহারায় মহাসড়কের উল্টো পথ দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।'
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।