রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় গাড়িটি তার ছেলে চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। সূত্র: টিবিএস
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে গাড়িটি একটি রিকশাকে সজোরে ধাক্কা দিলে সুলতান (৬০) নামের ওই চালক গুরুতর আহত হন। পরবর্তীতে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান।
এ দুর্ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করে পল্টন থানায় নিয়ে গেছে পুলিশ। তবে গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক এক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, 'সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি বর্তমানে পল্টন থানা হেফাজতে রয়েছে। গাড়িটি তার ছেলে চালাচ্ছিলেন বলে আমরাও শুনেছি; তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।'