রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। আজ শনিবার দুপুরে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির বিষয়টি রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. জসীম উদ্দীন চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
তবে গোলাগুলির ঘটনায় জেএসএসের সম্পৃক্ততা অস্বীকার করেন আঞ্চলিক দলটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো গোলাগুলির খবর আমার কাছে এখনো আসেনি। আর জেএসএস এসব গোলাগুলিতে থাকার প্রশ্ন আসে না।’ তবে সাজেকে ইউপিডিএফ সশস্ত্র মহড়া দিচ্ছে বলে অভিযোগ করে সজীব চাকমা বলেন, ‘সাজেকে ইউপিডিএফের মদদে সড়ক অবরোধ চলছে। এ ছাড়া সাজেকের কিছু কিছু এলাকায় ইউপিডিএফ সশস্ত্র মহড়া চালিয়ে আসছে। পার্বত্য চুক্তির পক্ষের লোকদের ওপর হামলা চালানোর পাঁয়তারার অংশ হিসেবে তারা এসব করে আসছে, আমার স্থানীয় সূত্রে জেনেছি।’
গোলাগুলির বিষয়ে জানতে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমার নম্বরে একাধিকবার ফোন করা হয়। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি।