হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহর আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক ১ নম্বর প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনিরকে (৬২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাব-ইনস্পেক্টর (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম উত্তর আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম শহরের উত্তর আলীপুর এলাকার মৃত শেখ জালাল উদ্দিন আহমেদের ছেলে। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।