সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে কোস্ট গার্ড জানতে পারে যে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস) এর দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী যৌথভাবে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট বিচিং করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে কোস্ট গার্ড সদস্যরা বোট দুটি তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। এ সময় মাদক পাচারে ব্যবহৃত বোট দুটি জব্দ করা হয়।
অপরদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য, বিদেশি মদ, দুটি কাঠের বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ডের এই কর্মকর্তা।