আজিজুল ইসলামঃ যশোর সদর উপজেলার ইছালী গ্রামে বাড়ির আঙিনার মাত্র তিন শতক পতিত জমিতে নানা ধরনের শাকসবজি চাষ করে বাগান গড়ে তুলেছেন কলেজশিক্ষক আবুল কালাম আজাদ। শিক্ষকতার ব্যস্ততার মধ্যেও সময় বের করে করা এই বাগান থেকে পরিবারের সবজির চাহিদার বড় একটি অংশ পূরণ হচ্ছে।
আবুল কালাম আজাদ খাজুরা শহীদ সিরাজ উদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের প্রভাষক। প্রায় পাঁচ মাস আগে পতিত জমিটি কাজে লাগানোর উদ্যোগ নেন তিনি। শুরুতে শখের বশে বাগান করলেও পরে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ শুরু করেন।
তিন শতকের বাগানে বর্তমানে পেঁপে, করলা, ওল, গিমা কলমি, পুঁইশাক, ঘাটকলমি, কচু, তরমুজ, বেগুন, কুমড়া, শিম ও লাউসহ বিভিন্ন সবজি রয়েছে। জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মাচা, বেডসহ বিভিন্ন কৌশল ব্যবহার করেছেন তিনি।
আজাদ জানান, পরিবারের জন্য নিরাপদ ও তাজা সবজির ব্যবস্থা এবং বাজারনির্ভরতা কমানোর পাশাপাশি অবসর সময় কাজে লাগাতেই তাঁর এই উদ্যোগ। প্রতিদিন সকাল ও বিকেলে বাগানের পরিচর্যা করেন তিনি। এ কাজে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরাও সহযোগিতা করেন।
পরিবারের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সবজি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেন তিনি।
আবুল কালাম আজাদের মতে, অল্প জায়গা থাকলেও পরিকল্পনা করে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা সম্ভব। শিক্ষার্থী ও বেকার যুবকেরাও বাড়ির আঙিনা বা অল্প জায়গা ব্যবহার করে সবজি চাষ শুরু করতে পারেন বলে মনে করেন তিনি।
ভবিষ্যতে বাগানটি আরও সম্প্রসারণের পাশাপাশি একটি ট্যাংকে মাছ চাষের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, কলেজশিক্ষক হয়েও আবুল কালাম আজাদ যেভাবে পতিত জমি কাজে লাগিয়ে সবজি চাষ করছেন, তা অন্যদেরও উৎসাহিত করতে পারে।