শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, আহত ২০

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোরুমসহ ৮টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে স্থানীয় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত‌ সাড়ে ৮টার দিকে হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কমপ্লেক্স ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, একটি রঙের দোকানে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উখিয়া ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভানোর কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আজিম সোহেল জানান,  অগ্নিকাণ্ডে ওয়ালটন ও ভিশন এর দুটি শোরুমসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপ্লেক্সে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, রঙ ও হার্ডওয়্যার দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। নিচতলার অন্তত ৮টি দোকান পুড়ে গেছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে নির্ধারণ করা হবে।

স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

  • সর্বশেষ