ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া ছায়া নিড় আবাসিক এলাকার একটি ভবন থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই ঘটনায় বাধন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ছায়া নিড় আবাসিক এলাকার মোহনপুর কলেজের প্রভাষক মুবিনুল ইসলামের বাসভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিবিদ্ধ বাধন বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলের একই ভবনের ভাড়াটিয়া ও মারকাজুল মাদ্রাসার শিক্ষক আব্দুল বারি অভিযোগ করে বলেন, ভবন মালিকের ছেলে মার্জিস (২৭) প্রায়ই তার বন্ধুদের নিয়ে ভবনের টপ ফ্লোরে আড্ডা দিতেন। সেখানে নিয়মিত মাদকের আসর বসত বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে একাধিকবার ভবন মালিককে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান আব্দুল বারি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকও ওই স্থানে নিয়মিত যাতায়াত করতেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস জানান, বাধন নামের ওই যুবক পেটে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। তবে তিনি জ্ঞান ফিরিয়ে কথা বলতে পারছেন। অস্ত্রোপচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করেছেন।
ঘটনার কারণ, অস্ত্রটির উৎস এবং গুলিবিদ্ধ হওয়ার পেছনের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।