স্পোর্টস ডেস্ক : অনুমতি ছাড়াই নাম ব্যবহার করে প্রচার চালানোর অভিযোগ উঠেছে বিদেশের একটি টি-টোয়েন্টি লিগের বিরুদ্ধে। এ ঘটনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। ভক্তদেরও এমন প্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এক্সে দেওয়া পোস্টে ধাওয়ান জানিয়েছেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কনটিনেন্ট কাপে’ তাঁর নাম দেখে বিস্মিত হয়েছেন। ওই প্রতিযোগিতায় খেলার কোনও পরিকল্পনা তাঁর নেই। অথচ তাঁকে না জানিয়েই প্রচারে নাম ব্যবহার করেছেন আয়োজকেরা। এ ঘটনায় তাঁর দল প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
সংবাদমাধ্যম ও ভক্তদের উদ্দেশে ধাওয়ানের বার্তা, এ ধরনের খবর বিশ্বাস করার আগে সতর্ক থাকতে হবে। তবে প্রতিযোগিতাটির আয়োজকদের বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট করেননি তিনি।
ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধাওয়ান। তিন সংস্করণ মিলিয়ে তাঁর রান ১০ হাজার ৮৬৭। ওয়ানডেতে ১৭টি শতরানসহ করেছেন ৬ হাজার ৭৯৩ রান। ২০২২ সালের ডিসেম্বরের পর আর ভারতের হয়ে খেলেননি তিনি। ২০২৪ সালের ২৪ আগস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার।
আইপিএলেও দীর্ঘদিন খেলেছেন ধাওয়ান। দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। তবে ২০২৫ সালের আইপিএলে আর দেখা যায়নি তাঁকে।