শিরোনাম
◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ২০ জুন, ২০২৬, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কোপাল ডাকাতরা

বাড়িতে বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুকে নিয়ে বাইরে বসেছিলেন এসিল্যান্ড। এসময় একদল সশস্ত্র ডাকাত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে এসিল্যান্ডসহ ছয়জনকে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
আহতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)। ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত এসিল্যান্ডসহ আহতরা সবাই চিকিৎসা নিয়ে শনিবার (২০ জুন) নিজ নিজ বাড়িতে ফিরেছেন।
 
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান।
  
পুলিশ ও স্থানীয়রা জানান, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের উপর হামলা চালায়।
 
স্বজনদের অভিযোগ, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এসিল্যান্ড সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) কে গুরুতর আহত করে। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
 
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন সময় সংবাদকে বলেন, খবর পেয়ে থানা পুলিশের টিম নিয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। ডাকাতদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
 
আড়াইহাজার থানার ওসি আরও বলেন, আমরা ঘটনাস্থলের সিসি টিভির ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো পর্যবেক্ষণ করছি এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
  
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান সময় সংবাদকে বলেন, আহত এসিল্যান্ড সাকিব হাছান খান বর্তমানে শঙ্কামুক্ত। তিনিসহ আহতরা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে প্রত্যেকের শরীরে বেশ গুরুতর জখম হয়েছে। এইমাত্র আমি এসিল্যান্ডের বাসা থেকে ফিরলাম। সেখানে মুরাদনগরের ইউএনও সাহেবও ছিলেন। ঘটনার পর থেকে আমরা নিয়মিত আহত এসিল্যান্ড সাকিব হাছান খান এর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়