তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিমাঞ্চলের নাটাই উত্তর, নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার পয়াগ নরসিংসার বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর–বিজয়নগর আসনের বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাছউদ, ভাদুঘর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কামাল উদ্দিন কাসেমী, খাচাইল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল হাকিমসহ স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও বিভিন্ন ওলামা সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে সবসময় আলেম-ওলামাদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে। ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করেছিল।
তিনি আরও বলেন, অতীতের মতো বর্তমানেও আলেম সমাজের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা হচ্ছে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামাদের পরামর্শে দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করা হবে—ইনশাআল্লাহ।