আরমান কবীর, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে সদ্য বিবাহিত তরুণী মিমকে (২২) হত্যার মামলায় জড়িত ও একাধিক মামলার পলাতক আসামি মো. নজরুল ইসলাম (৬০)–কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চরপাড়া এলাকায় র্যাব-১৪ সিপিসি-৩–এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার নজরুল ইসলাম বাসাইল উপজেলার বাঐখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) লুৎফা বেগম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে কার্যক্রম–নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে দুষ্কৃতকারীরা ঢাকা-যমুনা সেতু মহাসড়কের বাসাইলের বাঐখোলা এলাকায় “বাংলা স্টার” নামের পাবনাগামী যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরা বাস থেকে লাফিয়ে নামলেও তরুণী মিম আগুনে দগ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে বাসাইল থানায় মামলা দায়ের করা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ ঘটনার পাশাপাশি একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার নজরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা নিতে বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে।