স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন চিন্ময় সুতার। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে নাগাল্যান্ডের বিপক্ষে মিজোরামের হয়ে ৫১৭ বলে অপরাজিত ৪০০ রান করেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৪৬টি চার ও ৭টি ছক্কা।
সোমবার নাগাল্যান্ডের সোভিমায় ম্যাচের দ্বিতীয় দিনে চারশর মাইলফলক স্পর্শ করেন সুতার। তাঁর ব্যাটে ভর করে মিজোরাম প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫৮১ রান তুলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সুতারের মাত্র দ্বিতীয় ম্যাচ। --- ডেইলি ক্রিকেট
এই কীর্তিতে রঞ্জি ট্রফির ইতিহাসে চারশ রান করা দ্বিতীয় ব্যাটার হলেন সুতার। ১৯৪৮-৪৯ মৌসুমে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন ভাউসাহেব নিম্বালকর। এত দিন সেটিই ছিল রঞ্জির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সুতারের ৪০০ রান এখন প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
মুম্বাইয়ে বেড়ে ওঠা সুতার এর আগে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। চলতি মৌসুমে মিজোরামের হয়ে রঞ্জিতে তাঁর এই ইনিংস তাঁকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ের আলোচনায় বিশেষ জায়গা। প্রথম শ্রেণির ক্রিকেটে চারশ রানের ক্লাবে জায়গা করে নিয়ে তিনি যোগ দিয়েছেন ব্রায়ান লারা ও ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের কাতারে।