ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা ২৩ আসনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়। সেখানে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন এবং ৬৮ জন তা জমা দেন। অবশ্য সাক্ষাৎকারের জন্য ডাক পান ৬৯ জন। বিভাগ অনুযায়ী আলাদা করে প্রার্থীদের সাক্ষাৎকারের আয়োজন করা হয়, যেখানে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থী অংশ নেন।
চট্টগ্রামের বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে সাক্ষাৎকারের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আর সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা আন্দোলন-সংগ্রামে প্রার্থীদের ভূমিকা ও নিজ নিজ এলাকায় দলীয় অবস্থানের সার্বিক তথ্য পর্যালোচনা করেন।
সাক্ষাৎকার শেষ করে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী জানান, দলীয় প্রধান সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে নির্দেশ দিয়েছেন-যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাঁর পক্ষে কাজ করতে হবে। অভ্যন্তরীণ ঐক্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সজাগ থাকতে বলা হয়েছে।
এ ছাড়া নিজ নিজ এলাকায় সরকার ও দলের বিরুদ্ধে অপপ্রচার রুখে দিতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।