শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুভি লাউঞ্জ থেকে কিডস জোন : থার্ড টার্মিনাল চালু হলে যেসব সুবিধা পাবেন যাত্রীরা

দীর্ঘ প্রতীক্ষার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তির বিষয়টিও চূড়ান্ত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনাল চালুর উদ্যোগ নেয় এবং চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে। টার্মিনালটি উদ্বোধনের কথা রয়েছে আগামী ১৬ ডিসেম্বর। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীরা বিভিন্ন সুবিধা পাবেন।

এ টার্মিনালটির উদ্বোধনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার বিষয়টির পর আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিক চুক্তি হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং হবে। ওই অনুষ্ঠানে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বেবিচকের পক্ষ থেকে।

পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও, পরবর্তী সময়ে সংশোধিত ও অন্যান্য কাজ যুক্ত হয়ে এর খরচ বেড়ে হয় প্রায় ২২ হাজার কোটি টাকা। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হবার পর ২০২৩ সালের অক্টোবরে সফট উদ্বোধন করা হয়। তারপর দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও শুধু জাপানের সঙ্গে আলোচনা সফল না হওয়ার কারণে এটা চালু করা যায়নি।

বহুল আলোচিত এই থার্ড টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী বহনের ধারণ-ক্ষমতা রয়েছে। পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটারের তৃতীয় টার্মিনালটি যুক্ত হলে বছরে ২ কোটি পর্যন্ত যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। 

কর্তৃপক্ষ বলছে, থার্ড টার্মিনাল হিসেবে পরিচিতি পাওয়া নতুন এই টার্মিনালের মাধ্যমেই মূলত বাংলাদেশ সনাতনী ধারা বিমানবন্দর পরিসেবা থেকে বেরিয়ে আধুনিক বিমানবন্দর যুগে প্রবেশ করলো।

নতুন টার্মিনাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ২৮শে ডিসেম্বর এবং এরপর করোনা মহামারির সময়েও বিশেষ ব্যবস্থায় এ প্রকল্পের কাজ চলমান রাখা হয়েছিল।

২১ হাজার ৩৯৯ কোটি টাকায় জাপানের মিৎসুবিশি, ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে টার্মিনালটির নির্মাণ কাজ করেছে এবং এ টার্মিনালকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের একটি রুটের সাথে সম্পৃক্ত করা হয়েছে।

এছাড়া ফ্রান্সের সহায়তায় আধুনিক প্রযুক্তির রাডারসহ অন্যান্য প্রয়োজনীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে এ টার্মিনালে ।

নতুন টার্মিনালটি চালু হলে যাত্রীদের জন্য যেসব সুবিধা থাকছে:

টার্মিনালটিতে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। ১৬টি ব্যাগেজ বেল্টসহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে নতুন এ টার্মিনালে। এ ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। এতে থাকবে বেশ কয়েকটি স্ট্রেইট এক্সকেলেটর। যেসব যাত্রীরা বিমানবন্দরের দীর্ঘপথ হাঁটতে পারবেন না, তাদের জন্য এ ব্যবস্থা।

সিঙ্গাপুর, ব্যাংককসহ বিশ্বের অত্যাধুনিক ও বেশি যাত্রী প্রবাহের বিমানবন্দরগুলোতে এ ধরনের এক্সকেলেটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি যাত্রীদের শান্ত ও মসৃণ যাত্রার অভিজ্ঞতা দেয়। নতুন এ টার্মিনালে যাত্রীদের ব্যাগের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক তিনটি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে। এগুলো হলো- রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং ওড সাইজ (অতিরিক্ত ওজনের) ব্যাগেজ স্টোরেজ। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের ১৬টি রেগুলার ব্যাগেজ বেল্ট থাকবে টার্মিনালটিতে।

অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য স্থাপন করা হয়েছে আরও চারটি পৃথক বেল্ট। টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে একটি করে দৃষ্টিনন্দন বেবি কেয়ার লাউঞ্জ। এ লাউঞ্জের ভেতর মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম করা হয়েছে।

এছাড়া বাচ্চাদের স্লিপার-দোলনাসহ একটি চিলড্রেন প্লে এরিয়াও রাখা হয়েছে এখানে। এরই মধ্যে নির্মাণ করা হয়েছে হেলথ ইন্সপেকশন রুম, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট-এইড রুম, করোনাসহ নানা রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়া।

অত্যাধুনিক এ টার্মিনাল ভবনে থাকবে ১০টি সেলফ চেক-ইন কিওস্ক (মেশিন)। এগুলোতে পাসপোর্ট ও টিকিটের তথ্য প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে বোর্ডিং পাস ও সিট নম্বর। এরপর নির্ধারিত জায়গায় যাত্রী তার লাগেজ রাখবেন। স্বয়ংক্রিয়ভাবে লাগেজগুলো উড়োজাহাজের নির্ধারিত স্থানে চলে যাবে।

তবে নির্ধারিত ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এখানে চেক-ইন করা যাবে না। যাত্রীদের জন্য আরও ১০০টি চেক-ইন কাউন্টার থাকবে এ টার্মিনালে। 

মুভি লাউঞ্জ ও কিডস জোনসহ আরও যা আছে

কর্তৃপক্ষ জানিয়েছে নতুন টার্মিনালে এয়ারলাইন্স লাউঞ্জ, ডে-রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে-জোন এবং ফুড কোর্ট সংযোজন করা হয়েছে।

এগুলো যাত্রীদের বিমানবন্দরে অবস্থান ও অপেক্ষার সময়টিকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলছেন, ঠিকমতো পরিচালনা করতে পারলে আগামী ৫/৭ বছর বাড়তি যাত্রীদের জন্য সুন্দর সেবা দিতে তৃতীয় টার্মিনাল সক্ষম হবে।

যাত্রীরা এখন বিমানবন্দরে এসে সুপরিসর জায়গা ও ভালো পরিবেশ পাবে। তবে যেসব প্রতিষ্ঠান এয়ারপোর্টে কাজ করবে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সেবার মান বাড়ানোর জন্য।

তার মতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, দুবাই ও নারিতাসহ – সব জায়গায় এয়ারপোর্ট কর্তৃপক্ষ আলাদা থাকে। কিন্তু বাংলাদেশে এটি করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, যারা মূলত রেগুলেটরি সংস্থা।

প্রসঙ্গত, ঢাকা বিমানবন্দরটির পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান আমলে। ১৯৬৪ সালের ডিজাইনে আশির দশকে শেষ করা এই বিমানবন্দরের আগের দুটি টার্মিনাল বহু বছর ধরেই যাত্রী ও কার্গো সামলাতে পারছিলো না বলে যাত্রী ও কার্গো পরিবহনে দুর্ভোগ চরমে উঠেছিলো।

সূত্র : যুগান্তর 

  • সর্বশেষ