আজ ভোরে (২৮ নভেম্বর) ঢাকার ধানমন্ডিতে একটি দোকান থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গহনা চুরির আগে চোরেরা নিরাপত্তারক্ষীদের অচেতন করেছে বলে অভিযোগ উঠেছে।
রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত এই ডাকাতিতে ধানমন্ডি ৬/এ-এর একটি শপিং মলে অবস্থিত 'পূরবী জুয়েলার্স' থেকে ডাকাতরা নগদ ১০-১২ লাখ টাকাও নিয়ে গেছে।
দোকানের মালিক অমিত ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, চোরেরা স্বর্ণ, রুপা ও হীরার গহনাসহ প্রায় ২ হাজার ভরি অলংকার এবং নগদ টাকা নিয়ে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, মালিক প্রাথমিকভাবে ১,৮০০ থেকে ২,০০০ ভরি স্বর্ণ চুরি হওয়ার কথা জানিয়েছিলেন।
চুরি বা ডাকাতির এই ঘটনায় শপিং মলের নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। ডিসি জানান, দুইজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য অন্য চারজনকে আটক করা হয়েছে।
'পূরবী জুয়েলার্স'-এর সিনিয়র সেলস এক্সিকিউটিভ সঞ্জীব শীল জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তারক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, এদের মধ্যে একজন সরাসরি জুয়েলারি দোকানের কর্মী ছিলেন এবং বাকি দুজন শপিং মলে কাজ করতেন।
তিনি অভিযোগ করেন, খাবার খাওয়ানোর পর দুইজন প্রহরীকে অচেতন করে ফেলা হয়।
তাঁর মতে, দোকানের একজন প্রহরীকে বিরিয়ানির সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল এবং এরপর তিনি জ্ঞান হারান। শপিং মলের একজন প্রহরীকেও একইভাবে অচেতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সঞ্জীব জানান, ওই দুই প্রহরী এখনো অচেতন অবস্থায় আছেন এবং কথা বলতে পারছেন না। তিনি দাবি করেন, চুরির সাথে জড়িত ব্যক্তিরা ওই খাবার খায়নি। তিনি আরও জানান, শপিং মলের সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজন ব্যক্তিকে এই ডাকাতিতে অংশ নিতে দেখা গেছে। নিখোঁজ প্রহরীদের একজনকে বহিরাগতদের জুয়েলারি দোকানে ঢুকতে সাহায্য করতে দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।