শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য : বর্জ্য দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ত করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে 'বর্জ্যের বিনিময়ে বাজার' কর্মসূচি চালু করেছে।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের বর্জ্য জমা দিয়ে অস্থায়ী স্টল থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, 'পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বর্জ্যের বিনিময়ে বাজার নাগরিকদের সেই অংশগ্রহণে উৎসাহিত করার একটি কার্যকর মডেল হতে পারে।'

Advertisement

তিনি বলেন, 'প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ড্রেন ও নালা-নর্দমায় ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা তৈরি হয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দিলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশও সুরক্ষিত হবে।'

কর্মসূচিটি নগরজুড়ে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে আবদুস সালাম বলেন, 'আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী স্টল নির্মাণ করা হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।'

এ ছাড়া সুবিধাজনক অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) কাছে পথশিশুদের জন্য চেয়ার-টেবিল ও বইসহ 'বই পড়ার বিনিময়ে খাবার' কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, 'আমরা প্রান্তিক মানুষকে শুধু সাহায্য না দিয়ে পরিচ্ছন্নতার অংশীদার করছি।'

তিনি জানান, গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে আহার করানো সম্ভব হয়েছে।

ডিএসসিসি ও বিদ্যানন্দের এই উদ্যোগের আওতায় আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ