রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চায়ের দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
আহত সিয়াম জানান, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তাঁর ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তাঁর ডান কাঁধে একটি গুলি এসে লাগে।
আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তাঁর স্বামীর সেখানে চায়ের দোকান রয়েছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভেতরে থাকা অবস্থায় আলমগীর কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।
আহত আশা আক্তার জানান, তিনি থাকেন ওই এলাকায়ই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি মাঝে পড়ে যান। এতে তাঁর ডান পায়ের রান গুলিবিদ্ধ হয়। তবে কারা গোলাগুলি করছিল, সেটি তিনি জানেন না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তিনজনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।