সায়দাবাদ বাস টার্মিনাল কাচপুর স্থানান্তর হলেও শীততাপ নিয়ন্ত্রিত বাসের জন্য সায়দাবাদে একটি এসি বাসের যাত্রীদের জন্য একটি টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেখান থেকে এসি বাসগুলো ছাড়তে পারবে। পাশাপাশি যাত্রীসেবাও বৃদ্ধি করা হবে।
আজ মঙ্গলবার নগর ভবনে এ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বৈঠকে জানানো হয়, রাজধানীতে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাসযাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম প্রমুখ।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়দাবাদে অতিরিক্ত জায়গা নির্ধারণসহ এসি বাস সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠা-নামার ব্যবস্থা থাকবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হবে।