মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর মিরপুরে ড্রেনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমের বয়স ৪৭ বছর। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। ওয়াসার ওই কর্মী ড্রেনে নেমে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ওসি আরও জানান, শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।