রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দুই সংগঠনের নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুই সংগঠনের নেতাদের কোলাকুরির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও জামায়াতের পক্ষে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন।
রবিবার (৯ আগস্ট) রাতে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
জানা গেছে, সাম্প্রতিক ঘটনায় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অবসান ঘটাতে ঢাকা-৭ আসনের বিএনপির সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ, ঢাকা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. কামাল হোসাইন, পুলিশের ডিসি, মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষক, ডাকসুর জিএস এসএম ফরহাদ এবং ছাত্রশিবির ও ছাত্রদলের নেতারা উপস্থিত হন। এরপর দীর্ঘ সময় চলে এ বৈঠক।
সমঝোতা শেষে ঢাকা আলিয়া ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিমের সঙ্গে ছাত্রদল নেতাকে কোলাকোলি করতে দেখা যায়। এ সময় উপস্থিত থাকা সবাই করতালি দেন। এবং সবাই কোলাকুলি করেন।
বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের বলেন, অতীতে কী ঘটেছে, তা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সামনে কীভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সেটিই আলোচনার মূল বিষয় ছিল।
ক্যাম্পাসে সবাই যেন সহাবস্থান করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত থেকে সরে আসার বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।