রাজধানীর অভিজাত এলাকায় স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক বাণিজ্যের অভিযোগ
রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিউটি পার্লার, সেলুন ও ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে পরিচালিত কিছু স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিটি করপোরেশন থেকে ক্ষুদ্র ব্যবসার লাইসেন্স নিয়ে পরিচালিত কিছু স্পা সেন্টারে বাহ্যিকভাবে বৈধ ব্যবসার আড়ালে ছোট ছোট কক্ষ ও বিশেষ পরিবেশ তৈরি করে অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এতে আরও দাবি করা হয়, এসব প্রতিষ্ঠানের কিছুতে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মদ, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের লেনদেনও হয়।
অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন মোবাইল অ্যাপ এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক আকৃষ্ট করা হচ্ছে। আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এসব প্রতিষ্ঠানে টানার চেষ্টা করা হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ ছাড়া কিছু স্পা সেন্টারের পেছনে প্রভাবশালী ব্যক্তি ও অপরাধচক্রের সম্পৃক্ততা, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠে এসেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার আশায় ভবন মালিকরা প্রতিষ্ঠানগুলোকে জায়গা ভাড়া দিলেও পরবর্তীতে সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা সবসময় তাদের জানা থাকে না।
পুলিশের ভাষ্য, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।