মোঃ বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরার কোলঘেঁষা বালু নদে রাতের নিষিদ্ধ সময়ে দ্রুত ও বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে সুকানিসহ দুইজনকে গ্রেফতার করে ডেমরা নৌ-পুলিশ।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন খালি ও সচল বাল্কহেডটিকে জব্দ করে ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়। বাল্কহেডটির দৈর্ঘ অনুমান ২৯.৯৫ মিটার, প্রস্থ ৭.৮৫ মিটার ও গভীরতা ২.৪৪ মিটার যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ| সোমবার দিনগত গভীর রাতে তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করে নৌ-পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বাল্কহেডের সুকানি ভ্রাহ্মনবাড়ীয়ার সরাইল থানার রাণিদিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে এয়াকুব (৫৫) ও সহযোগী স্টাফ কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার নাজিরপুর গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (২৮)। নৌ-পুলিশের সংকেত অমান্য করে গত সোমবার দিনগত রাত ১২ টার দিকে ডেমরা সেতুর দক্ষিণে ইছাপুরাগামী বাল্কহেড নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় বালু নদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
নৌ-পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা রাতের বেলা নিষিদ্ধ সময়ে বিআইডব্লিউটিএ’র নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বালু নদে জানমালের ঝুঁকি নিয়ে বড় ধরনের দুর্ঘটনা, আহত ও প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করেছে। এ সময় তারা মারাত্মক বেপরোয়া গতিতে বাল্কহেড নিয়ে পালানোর চেষ্টা করে।