শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর উদ্দেশ্যে একটি আবেগঘন দীর্ঘ পোস্ট দিয়েছিলেন তিনি। এদিকে একমাত্র ছেলের মৃত্যুসংবাদে ফেনীর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা মো. সাদেকের একমাত্র ছেলে। প্রায় নয় মাস আগে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন এবং কর্মসূত্রে ডেমরা পুলিশ লাইন্সের একটি ভবনের সপ্তম তলায় থাকতেন।

সাইদুলের মৃত্যুর খবর পৌঁছানোর পর তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। স্বজনদের ভাষ্য, মাগরিবের নামাজের পরও ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। কাঁদতে কাঁদতে সাইদুলের মা বলছিলেন, ভালোবাসা আর পরিবারের অমতে গিয়ে করা বিয়েই যেন ছেলের জন্য কাল হলো, এমনটাই বিলাপ করে বলছিলেন শোকাতুর মা।

নিহতের চাচা মো. সোহাগ জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে কয়েক মাস আগে সোনাগাজীর এক তরুণীকে বিয়ে করেছিলেন সাইদুল। তবে পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ মেনে নিতে পারেননি সাইদুল। বিচ্ছেদের পর থেকেই সাইদুল চরম মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত বিরহ সইতে না পেরেই এ অবস্থা।

স্থানীয় বাসিন্দা এম. এমরান পাটোয়ারী জানান, পুলিশ লাইন্স থেকে ফোনে মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। শুক্রবার বিকালে নিহতের বাবা মো. সাদেক ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ডেমরায় ফেনীর এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর তারা জেনেছেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের কক্ষ থেকে সাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আত্মহত্যার প্রায় ১৬ ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে স্ত্রীর সঙ্গে পুরোনো কিছু ছবি ও ভিডিও সংযুক্ত করে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন সাইদুল। সেখানে বৈবাহিক জীবনের তীব্র মানসিক কষ্ট, হতাশা ও স্ত্রীর প্রতি ক্ষোভের কথা তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে সাইদুল লিখেছিলেন- ‘তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সে জগৎটাকে দুদিনেই চোখের সামনে ভেঙেচুরে চুরমার করে দিলে... সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কূলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই।’

সম্পর্কের ইতি টানা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, ‘তোমারে ভালোবাসাটা অপরাধ? নাকি সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ? তুমি না বলছিলা, মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না? এখন কই তুমি?’

স্ত্রীকে বারবার সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি লিখেন, ‘মানুষকে এতটাও বিশ্বাস করতে হয় না যে বিশ্বাস করলে নিজেই আর বাঁচার সুযোগ থাকে না।’

পোস্টের শেষ অংশে নিজের বাবা-মায়ের প্রতি ক্ষমা চেয়ে অত্যন্ত আবেগতাড়িত কথা লেখেন এই পুলিশ সদস্য। তিনি লেখেন- ‘দুঃখিত আম্মু-আব্বু, আপনাদের ছেলে আর নিতে পারতেছে না আম্মু, আর পারতেছে না। আর তিলে তিলে মরার শক্তি আমার নাই। মাপ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে।’

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এদিকে স্থানীয়রা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মৃত্যুর পেছনের সব কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়