রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ তলা থেকে পড়ে এক যুবক মারা গেছেন। বুধবার (২৭ মে) ঈদের আগের বিকেলে শপিংমল যখন ক্রেতাদের ভিড়ে মুখর তখন এই ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে বেলা সাড়ে তিনটার দিকে। শতশত মানুষের সামনে ওই যুবক কেন কীভাবে পড়ে গেল তা নিশ্চিত হওয়া গেলেও শপিংমলের একজন প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী জানান, তিনি কমপ্লেক্সের দক্ষিণ কোনে ডিউটি করছিলেন। হঠাৎ অপরপাশে দেখতে পান একজন যুবক লাফ দেয়ার ভঙ্গিতে মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেলেন। তিনি জানান, যুবকের হাতে মেয়েদের ছোট ভ্যানিটিব্যাগ সদৃশ কিছু একটা ছিল বলে তার মনে হয়েছে।
শপিং কমপ্লেক্সর নিচ তলার একটি দোকানের কর্মী রাজিবুল ইসলাম জানান, ঈদে কেনাকাটায় ব্যস্ত সবাই। এর বাইরে খুব বেশি খেয়াল করা হয় না। তবে, একটা আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত তখনই মারা গেছে। অনেকেই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয় ওই যুবককে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
শপিং কমপ্লেক্সের সিনিয়র জিএম, হেড অফ অপারেশন, মেজর মিজান বলেন, ‘ছেলেটি ৭ তলা থেকে আত্মহত্যার উদেশ্যে লাফ দেয়। তার পরিচয়ও জানা সম্ভব হয়নি। তাৎক্ষনিকভাবে দুজন গার্ডের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। আমরা জেনেছি তার কাছে একটা মোবাইল পাওয়া গেছে।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মৃত্যুর ঘটনাটি আমরা নিশ্চিত হতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
ঈদের ঠিক আগের দিন জনাকীর্ণ কমপ্লেক্সে এমন ঘটনায় প্রত্যক্ষদর্শী অনেকেই স্তম্ভিত হয়ে পড়েন। বেশ কিছু সময় কমপ্লেক্সের পরিবেশ ভারী হয়ে যায়। বেশি কিছুক্ষণ পর পরিবেশ সাভাবিক হয়।