সারা দিনের কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা, করণীয় কাজের কথা মনে করিয়ে দেওয়া এবং দৈনন্দিন তথ্যের ভিত্তিতে পরামর্শ দেওয়া—এমন সুবিধা নিয়ে নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিভাইস উন্মোচন করেছে অ্যামাজন। ‘বি’ (Bee) ব্র্যান্ডের অধীনে আনা ডিভাইস দুটি হলো ‘ফ্রন্টিয়ার’ নামের একটি ব্রেসলেট এবং ‘ইক্লিপস’ নামের একটি স্মার্টফোন আনুষঙ্গিক যন্ত্র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টেকক্রাঞ্চ ডিসরাপ্ট সম্মেলনে ডিভাইস দুটি উন্মোচন করেন অ্যামাজনের ডিভাইস বিভাগের প্রধান পানোস পানাই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রন্টিয়ারের দাম ৭৫ ডলার এবং ইক্লিপসের দাম ১০০ ডলার।
সারা দিনের তথ্য থেকে দেবে অনুস্মারক
ফ্রন্টিয়ার দেখতে ব্রেসলেটের মতো। অন্যদিকে ইক্লিপস দেখতে ছোট, বহনযোগ্য ম্যাগনেটিক চার্জারের মতো। এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।
অ্যামাজনের ভাষ্য, ডিভাইস দুটি ব্যবহারকারীর ক্যালেন্ডার, বিভিন্ন অ্যাপ এবং দৈনন্দিন অন্যান্য তথ্য একত্র করে প্রয়োজনীয় অনুস্মারক ও এআই-ভিত্তিক পরামর্শ দিতে পারবে। দিনের কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ বিষয়, করণীয় কাজ এবং অন্যদের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথাও ব্যবহারকারীকে মনে করিয়ে দিতে পারবে এগুলো।
পানাই বলেন, ডিভাইসগুলো চালু থাকলে সারা দিনের কথোপকথন শুনতে পারে। ফলে ব্যবহারকারীকে নিজের জন্য আলাদা করে প্রতিটি কাজের অনুস্মারক তৈরি করতে হবে না। দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখতেও এটি সহায়ক হতে পারে।
গোপনীয়তা নিয়ন্ত্রণের সুবিধা
ডিভাইস দুটি চালু থাকলে কথোপকথন শুনতে পারে বলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অ্যামাজন জানিয়েছে, কখন ডিভাইস চালু বা বন্ধ থাকবে, তা ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি সংরক্ষিত তথ্য থেকে তৈরি পরামর্শ এবং আগের কথোপকথন মুছে ফেলার সুযোগও থাকবে।
কম্পানির দাবি, তারা অডিও সংরক্ষণ করে না। বি ডিভাইসে তথ্য ১৪ দিন পর্যন্ত রাখা হবে। তবে মাসে ১২ ডলারের সাবস্ক্রিপশন নিলে এই সময়সীমা বাড়ানো যাবে। ডিভাইসগুলো অ্যামাজনের সাবস্ক্রিপশনভিত্তিক জেনারেটিভ এআই ভয়েস সেবা অ্যালেক্সা প্লাসের সঙ্গেও যুক্ত করা যাবে।
এর আগে অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ধারণ করা কথোপকথন কর্মীরা শুনেছেন—২০১৯ সালে এমন প্রতিবেদন প্রকাশের পর গোপনীয়তা নিয়ে সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে একটি শ্রেণিগত মামলাও চলছে। তবে কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে অ্যামাজন।
প্রতিযোগিতায় মেটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান
এআই-চালিত পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে অ্যামাজনের নতুন ডিভাইসগুলোকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এ ক্ষেত্রে মেটার এআই-চালিত পেনড্যান্ট এবং ক্যামেরা ও বিভিন্ন সেন্সরযুক্ত স্মার্ট চশমা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী। এ ছাড়া বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানও কথোপকথন ধারণ এবং ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম এমন ডিভাইস তৈরি করছে।
সাম্প্রতিক সময়ে অ্যামাজন একের পর এক নতুন গ্যাজেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। উন্নত মান ও স্থায়িত্বের পণ্যের জন্য বেশি অর্থ খরচ করতে আগ্রহী ক্রেতাদের আকৃষ্ট করাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটি নতুন ট্যাবলেট আনার ঘোষণা দেয়, যেগুলোর দাম আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ তিন গুণ। এদিকে, চলতি বছরের শুরুতে রয়টার্স জানিয়েছিল, ব্যর্থ ফায়ার ফোন বাজারে আনার প্রায় এক দশক পর আবার স্মার্টফোনের বাজারে ফেরার বিষয়টি বিবেচনা করছে অ্যামাজন।
নতুন এআই ডিভাইসগুলোর মাধ্যমে দৈনন্দিন কাজ সহজ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কি না, এখন সেটিই হবে অ্যামাজনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।