স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে ব্যাটে-বলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, গড়েছেন অসংখ্য রেকর্ড, পেয়েছেন কিংবদন্তির স্বীকৃতি। অথচ ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া হয়নি তাদের। এমনই ১২ জন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে নিজের পছন্দের তালিকা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। -- ডেইলি ক্রিকেট
আইসিসির ওয়েবসাইটে ইনজামামের নির্বাচিত এই তালিকায় জায়গা পেয়েছেন ভারতের দুই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড় এবং স্পিনার অনিল কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস, অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কিংবদন্তি জন্টি রোডস। এ ছাড়া রয়েছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ওয়াকার ইউনিস। নিউজিল্যান্ডের মার্টিন ক্রো। ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস।
ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়—নিজ নিজ সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছেন। অন্যদিকে জ্যাক ক্যালিস ও ইয়ান বোথামের মতো অলরাউন্ডাররা ব্যাট ও বল দুই বিভাগেই ছিলেন দলের নির্ভরতার প্রতীক। অথচ বিশ্বকাপের শিরোপা তাদের ক্যারিয়ারে অধরাই থেকে গেছে।
তবে ইনজামামের কাছে তালিকার সবচেয়ে আবেগঘন নামগুলোর একটি ওয়াকার ইউনিস। ১৯৯২ বিশ্বকাপে চোটের কারণে পাকিস্তান দল থেকে ছিটকে পড়েছিলেন এই গতিময় পেসার। সেবার পাকিস্তান বিশ্বকাপ জিতলেও দলের ঐতিহাসিক সাফল্যের অংশ হতে পারেননি তিনি।
ইনজামাম স্মৃতিচারণা করে জানান, বিশ্বকাপ জয়ের পর পাকিস্তান দল দেশে ফিরলে ইসলামাবাদ বিমানবন্দরে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে কাঁদছিলেন ওয়াকার। সতীর্থদের বিশ্বজয়ের আনন্দের বিপরীতে তার সেই বেদনার দৃশ্য গভীরভাবে নাড়া দিয়েছিল ইনজামামকে।
ইনজামামের এই তালিকা ক্রিকেটের এক চিরন্তন বাস্তবতাকেই সামনে এনেছে—ব্যক্তিগত সাফল্য, রেকর্ড কিংবা কিংবদন্তির মর্যাদা থাকলেও বিশ্বকাপ জয়ের আনন্দ সবার ভাগ্যে জোটে না।