স্পোর্টস ডেস্ক : আগামী আইপিএলে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে দিল্লি ক্যাপিটালস। গত দুই মৌসুম দলকে নেতৃত্ব দেওয়া অক্ষর প্যাটেল আর অধিনায়ক থাকতে চাইছেন না। ফলে নতুন নেতা খুঁজতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। আগামী সপ্তাহেই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দিল্লির প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। ---- আনন্দবাজার
সৌরভ বলেন, ‘অক্ষর অধিনায়ক থাকতে চায় না। তাই আমাদের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে। তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে দিল্লিতেই থাকছেন ভারতের এই বাঁহাতি অলরাউন্ডার। অন্য কয়েকটি দল আগ্রহ দেখালেও তাঁকে ছাড়তে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লির বর্তমান দলে আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এমন তিন ক্রিকেটার আছেন। তাঁরা হলেন লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও নীতীশ রানা। রাহুল ও পন্থ আগে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন নীতীশ। তাঁদের মধ্য থেকেই কি নতুন নেতা বেছে নেবে দিল্লি? নাকি আসবে চমক? সৌরভের কথায়, ‘এখনও কিছু ঠিক হয়নি। আগামী সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হবে।’
২০২৫ সালের আইপিএলের আগে দিল্লির অধিনায়ক করা হয়েছিল অক্ষরকে। তাঁর নেতৃত্বে প্রথম মৌসুমে পাঁচ নম্বরে থেকে প্লে-অফে উঠতে পারেনি দলটি। গত মৌসুমেও অবস্থার উন্নতি হয়নি। ছয় নম্বরে থেকে আসর শেষ করে দিল্লি। শুরুটা ভালো করলেও শেষ দিকে ছন্দ হারায় দল। স্বাভাবিকভাবেই অক্ষরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।
শুধু নেতৃত্ব নয়, গত মৌসুমে ক্রিকেটার হিসেবেও প্রত্যাশা পূরণ করতে পারেননি অক্ষর। ১৪ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ১৭৩ রান। বল হাতে শিকার মাত্র ৬ উইকেট। অথচ ভারতের অন্যতম নির্ভরযোগ্য স্পিন-অলরাউন্ডার তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি।
তবে অধিনায়কত্ব ছাড়লেও দিল্লির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকছেন অক্ষর। এখন অপেক্ষা নতুন অধিনায়কের নাম ঘোষণার। রাহুল, পন্থ ও নীতীশের মধ্যে কে পাবেন নেতৃত্ব, নাকি অন্য কাউকে বেছে নেবে দিল্লি—সেই উত্তর মিলবে আগামী সপ্তাহে।