স্পোর্টস ডেস্ক : এবিজি স্পোর্টস সিটিতে এবার বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট আসর। দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য সুযোগ সৃষ্টি ও তাদের অদম্য প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ ২০২৬। দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের ইতিহাসে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।
আর এই আন্তর্জাতিক ক্রিকেট উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন চ্যানেল ‘টি স্পোর্টস’। এশিয়া অঞ্চল থেকে মোট পাঁচটি শক্তিশালী দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধী অ্যাথলেটদের জন্য বিশেষ সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের পরিচিতি ও দৃশ্যমানতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ।
টুর্নামেন্টের মূল লক্ষ্য কেবল দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা নয়, বরং খেলাধুলার শক্তির মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা বিশ্বময় ছড়িয়ে দেওয়া।
স্বাগতিক বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ঐতিহাসিক এশিয়া কাপ দেশের ব্লাইন্ড ক্রিকেটকে বহুদূর এগিয়ে নেওয়ার পাশাপাশি এশিয়ার খেলাধুলায় এক অভূতপূর্ব ঐক্যের মেলবন্ধন ঘটাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।