স্পোর্টস ডেস্ক: টেনিস কোর্টের লড়াই শেষে এবার ক্রীড়া প্রশাসনে রাফায়েল নাদাল। শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে জায়গা পেয়েছেন স্পেনের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। দীর্ঘদিনের সমর্থক থেকে এবার ক্লাব পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হলেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সাম্মানিক সদস্য নাদাল। এবার তাঁকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রিয়াল। ক্লাবের ভাষায়, ক্রীড়া ও মানবিক গুণাবলিতে নাদাল স্পেনসহ বিশ্ব ক্রীড়াঙ্গনের অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মতো একজনকে পরিচালনা পর্ষদে পেয়ে গর্বিত ক্লাবটি।
নাদালের নিয়োগ অবশ্য এখনো চূড়ান্ত নয়। আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে অনুমোদন পেতে হবে এ সিদ্ধান্ত।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাদালও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। প্রস্তাবটি আনন্দের সঙ্গে গ্রহণ করার কথা জানিয়ে নাদাল বলেছেন, নতুন দায়িত্বে অনেক কিছু শেখার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী ক্লাবের উন্নয়নে অবদান রাখতে চান।
ছেলেবেলায় ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোর মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন নাদাল। শেষ পর্যন্ত ফুটবলার না হলেও টেনিসে হয়ে উঠেছেন সর্বকালের অন্যতম সেরা। তবে ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কমেনি। বরাবরই রিয়াল মাদ্রিদের সমর্থক তিনি। ৪০ বছর বয়সী নাদালের জন্য এটি ক্রীড়াজীবনের নতুন অধ্যায়। টেনিস কোর্টের সাফল্যের পর এবার প্রিয় ক্লাবের উন্নয়নে মাঠের বাইরে ভূমিকা রাখতে চান স্পেনের এই কিংবদন্তি।