এনডিটিভি: ভারতের দিল্লিতে চাবড়ি বাজার এলাকায় একটি তিন তলা চিকিৎসাধীন ভবন ধসে পড়েছে ২ জন নিহত হয়েছে, এছাড়াও একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাস্থলে পানির গাড়ি এবং উদ্ধারকারী যানবাহনসহ ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিটকে দ্রুত পাঠানো হয়েছে। ধসে পড়া কাঠামোর ভেতরে কেউ আটকে আছেন কি না তা খুঁজে বের করতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ এই ঘটনার পর গুরুতর প্রশ্ন তুলেছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারের সমালোচনা করে দাবি করেছেন, গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সৌরভ ভরদ্বাজ লিখেছেন, ‘চাবড়ি বাজার বা চাঁদনি চক এলাকায় আরেকটি তিন তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। রেখা গুপ্তার সরকার এবং এমসিডি দিল্লির সব ভবনে একাধিক নিরাপত্তা নিরীক্ষা চালিয়েছে, তবুও ভবন ধসে পড়ছে। কেন?’
প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দুর্নীতির অভিযোগ তুলে সৌরভ ভরদ্বাজ এক্সে আরও লেখেন, ‘বারবার নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেওয়া হলেও প্রকৃত পদক্ষেপের পরিবর্তে একাধিক বিভাগ বহুবার ঘুষ আদায় করেছে, যে কারণে প্রতি মাসে ভবন ধসে পড়ে।’
হতাহতের সংখ্যা এবং ভবন ধসের সুনির্দিষ্ট কারণ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য এখনো অপেক্ষা করা হচ্ছে।