শিরোনাম
◈ স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ◈ অ্যাম্বুলেন্স সেবা সিন্ডিকেটের দখলে, ভাড়ায় লাগাম নেই; রোগী ও মরদেহ পরিবহনে চরম ভোগান্তি ◈ মধ‌্যবর্তী নির্বাচ‌নে ট্রাম্পের দলের হারের নেপথ্যে ইরান যুদ্ধ, স্বীকার করলেন ভাইস প্রেসি‌ডেন্ট ◈ কুমিল্লায় এনআইডি করতে গিয়ে ঘুষের প্রতিবাদ, নির্বাচন কর্মকর্তার কক্ষে প্রবাসীকে মারধরের অভিযোগ ◈ বরিশালে বছরে ৩০ হাজার মানুষ আক্রান্ত ছানিতে, এক কোটি মানুষের ভরসা এক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ◈ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন ◈ শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি ◈ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার যুবলীগ নেতা হিমাংশু পাল ◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড় 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় রয়েছে। এ অবস্থানের ধারাবাহিকতায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ছেড়েছে।

বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমানে তারা কঙ্গোর উদ্দেশে যাত্রা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঙ্গোতে বর্তমানে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর ১৩৫ সদস্যের ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টকে নতুন সদস্যদের মাধ্যমে প্রতিস্থাপনের অংশ হিসেবে এ যাত্রা। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশটির সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন। তাদের অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও আরো উৎকর্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

Advertisement

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান। এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী কন্টিনজেন্টের সদস্যদের বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন অপপ্রচার ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা ও দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বাড়ছে। জাতিসংঘের বাজেট সংকোচন ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের পরিধি কমলেও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ নিজের অবস্থান ধরে রেখেছে।