মনিরুল ইসলাম: দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় আরো শিল্পকারখানা গড়ে তোলা হবে।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সরকারপ্রধান উল্লেখ করেন, দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং দেশে ব্যাপক বিদেশি পুঁজির প্রবাহ নিশ্চিত করার স্বার্থে একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বন্দরকেন্দ্রিক এই অঞ্চলকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলে জাতীয় প্রবৃদ্ধিতে এর ভূমিকা আরও বাড়ানোর ওপর তিনি জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশিক ব্যবস্থায় জ্বালানি ও খাদ্য সরবরাহ চেইন কার্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর জ্বালানি, খাদ্য, কাচামাল আমদানি এবং দেশীয় পণ্য রফতানিতে দেশের একটি পরিপূরক হিসেবে জাতীয় অর্থনীতিতে নিরাপত্তা আরও সমৃদ্ধ করবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত সড়ক যোগাযোগ উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং খান জাহান আলী বিমানবন্দর চালুর বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে।
পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, পলি ব্যবস্থাপনা, নিয়মিত ড্রেজিং, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বন্দরসেবা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বাংলাদেশের অবকাঠামো ও বাণিজ্য উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদার চীনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামোগত ও অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারক সম্পন্ন হয়। এতে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষ থেকে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত এই চুক্তির ফলে বাংলাদেশে আধুনিক পরিবহন ব্যবস্থা, বৃহৎ লজিস্টিকস নেটওয়ার্ক, বিশেষায়িত শিল্প পরিকাঠামো, টেকসই জ্বালানি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষ জনশক্তি বিনির্মাণসহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে নতুন বিনিয়োগের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।