আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। এই মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি নিজের বিস্তৃত নির্বাহী ক্ষমতা ব্যবহারে প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ কোনোদিন আমাকে নিয়ে বিরুক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব। -- পার্সটুডে
ইসরায়েলে নিজের জনপ্রিয়তা নিয়ে গর্ব করতে গিয়ে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, সেখানে তাঁর সমর্থনের হার ৯৯ শতাংশ, যা ইতিহাসে যেকোনো ব্যক্তির মধ্যে সর্বোচ্চ।
এর আগেও গত মে মাসেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন এবং তখনও ইসরায়েলিদের মধ্যে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেছিলেন।
দেশের ভেতরে তাঁর সমর্থন যখন কমছে, তখনই এই মন্তব্য এল। ১৩ থেকে ২৬ অক্টোবর পরিচালিত সিএনএনের এক জরিপে তাঁর সামগ্রিক অনুমোদনের হার ৩৪ শতাংশ, আর ৬৪ শতাংশ উত্তরদাতা তাঁর কাজে অসন্তোষ জানিয়েছেন।
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চলতি বছরের শেষে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে। তাঁর দাবি, দখলদার এই গোষ্ঠী এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তার মতে, ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি ব্যবহার করে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার আগে সিবিএস নিউজকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের এক বা দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলে তিনি ভেটো ক্ষমতা ব্যবহার করে তাদের আইনি এজেন্ডা ঠেকিয়ে দিতে প্রস্তুত।
তিনি বলেন, "আমার হাতে চূড়ান্ত ক্ষমতা আছে, তার নাম ‘ভেটো’।" ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ‘মিস্টার ভেটো’ নামে পরিচিত হওয়ার সম্ভাবনাকেও তিনি স্বাগত জানান।
ট্রাম্প সম্প্রতি সুপ্রিম কোর্টের ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলার রায়ের কথাও উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এই রায়ে ফেডারেল সংস্থাগুলোর ওপর প্রেসিডেন্টের কর্তৃত্ব বেড়েছে। তাঁর যুক্তি, ডেমোক্র্যাটরা কংগ্রেসে ক্ষমতায় থাকলেও এই রায় তাঁকে নিজের এজেন্ডা এগিয়ে নিতে সুযোগ দেবে। সিবিএসকে তিনি বলেন, "আমরা স্লটার মামলায় জিতেছি, আর এই মামলা প্রেসিডেন্টকে এমন বিশাল ক্ষমতা দিয়েছে, যা আগে কখনো ছিল না।"
নির্বাচনের আগের সপ্তাহগুলোতে ব্যাপক প্রচারে অংশ নেওয়ার পক্ষেও তিনি সাফাই গেয়েছেন। তাঁর দাবি, তাঁর জনসভাগুলো রিপাবলিকানদের সম্ভাবনা বাড়িয়েছে।
তবে নির্বাচনের ফল রিপাবলিকানদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুটিরই নিয়ন্ত্রণ পেয়েছে। নির্বাচনটিকে ব্যাপকভাবে ট্রাম্পের শাসন ও নীতির ওপর গণভোট হিসেবে দেখা হচ্ছিল।