শিরোনাম
◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময় ◈ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান স্পিকারের ◈ দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা বহুজনের ◈ এইচএসসি পরীক্ষায় এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর ◈ মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা সরকারের

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান স্পিকারের

মনিরুল ইসলাম: বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বও সময়ের সঙ্গে আরও বিকশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তার প্রতিফলন হচ্ছে এবারের ট্রেড শো। তিন দশক ধরে অ্যামচেম বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, এবারের প্রদর্শনীতে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

Advertisement

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ

দেশের জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, জ্বালানি খাতে অনুসন্ধান ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে মার্কিন কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি সৈয়দ কামাল হোসেন।

বক্তব্য শেষে স্পিকার আনুষ্ঠানিকভাবে ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই ট্রেড শো।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, অ্যামচেমের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ