স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি থেকেই প্রায় ৪৮ হাজার কোটি টাকা আয় করেছে ফিফা। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপ থেকে এই আয় হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ।
ফিফার হিসাবে, টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৫০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার কোটি টাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ থেকে সংস্থাটির মোট আয় ১ হাজার ৫০০ কোটি ডলার বা প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। নতুন হিসাব অনুযায়ী, মোট আয়ের বড় একটি অংশ এসেছে টিকিট বিক্রি থেকে।
ফিফার দাবি, প্রত্যাশার চেয়ে ২০০ কোটি ডলার বেশি আয় হয়েছে তাদের। শুধু টিকিট বিক্রি নয়, অতিথিসেবা বা হসপিটালিটি খাত থেকেও আয় বেড়েছে। এসব খাতের হিসাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে মোট আয়ের পরিমাণ আরও বাড়তে পারে।
আয় বৃদ্ধির পেছনে বিশ্বকাপের পরিসর বড় ভূমিকা রেখেছে। কাতারে ৩২ দল নিয়ে ৬৪টি ম্যাচ হলেও উত্তর আমেরিকার বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮ দল। ম্যাচের সংখ্যা বেড়েছে ৪০টি। পাশাপাশি টিকিটের দামও ছিল তুলনামূলক বেশি। বিশেষ করে ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামই ছিল ভারতীয় মুদ্রায় প্রায় চার লাখ টাকা। ফলে টিকিটের বাড়তি দামকেও আয়ের বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তবে বিশ্বকাপের আগে থেকেই টিকিটের চড়া দাম নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছিল। টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটি ম্যাচে গ্যালারি পূর্ণ না হওয়ার ঘটনাও দেখা গেছে। অবশ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকসংখ্যা বেড়েছে। বিতর্ক ও সমালোচনার মধ্যেও শেষ পর্যন্ত টিকিট বিক্রি থেকে বিপুল অর্থ ঘরে তুলেছে ফিফা।