স্পোর্টস ডেস্ক : ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে ফুটবলেও। নিরাপত্তাঝুঁকির কারণে লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রোববার থেকে পিছিয়ে সোমবার রাতে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশের অনুরোধেই সূচিতে এই পরিবর্তন।
শুক্রবার এক বিবৃতিতে ম্যাচের নতুন সূচি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। সপ্তাহান্তে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় পুলিশ। পিএসজির গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে আগে সৃষ্ট অস্থিরতা সামলাতেও ব্যস্ত থাকতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
সাত ম্যাচে ১৪ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লিওঁ, দুইয়ে পিএসজি। দুই দলের লড়াইটি এখন মাঠে গড়াবে সোমবার রাতে।
তবে সূচি পরিবর্তনে নতুন জটিলতা তৈরি হয়েছে পিএসজির মনোনীত খেলোয়াড়দের জন্য। একই সময়ে লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। ফলে ক্লাবের ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলছে। গত সপ্তাহান্তে প্রায় আট লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল বলে একটি হিসাবে দাবি করা হয়েছে। প্যারিসসহ বিভিন্ন শহরে মিছিলের পাশাপাশি সহিংসতা, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই সপ্তাহান্তেও বড় বিক্ষোভের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।