স্পোর্টস ডেস্ক : ভারতের সঙ্গে ১০০ বছরের ক্রীড়া সম্পর্ক উদ্যাপনে বিশেষ ওয়ানডে জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ভারতীয় শিল্পকলা ও মাওরি সংস্কৃতির সমন্বয়ে তৈরি এই জার্সি পরে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা।
জার্সিটির নাম ‘কোটাহিটাঙ্গা’। এতে স্থান পেয়েছে পদ্মফুল, মণ্ডল শিল্পকলা, ভারতীয় স্থাপত্যের ওজি নকশা এবং মাওরি সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘কোয়াইহোয়াই’ নকশা ও ‘হাইহাই’ রেখাচিত্র। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও দীর্ঘদিনের বন্ধুত্ব ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ। --- আজকাল
জার্সিটির নকশা করেছেন বেন থমাসন, শিব নারানদাস ও জয় পানচা। নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল অফিসার গ্লেন ক্রিচলি বলেন, ভারতীয় ও মাওরি শিল্পকলার মধ্যে দারুণ ভারসাম্য তৈরি করেছেন শিল্পীরা। তাঁর আশা, জার্সিটি দুই দেশের বন্ধুত্বের প্রতীক হয়ে উঠবে এবং ক্রিকেটপ্রেমীদের কাছে সংগ্রহযোগ্য স্মারক হিসেবে জায়গা করে নেবে।
নকশাকারদের একজন শিব নারানদাসের পরিবারের শিকড় ভারতে। তাই প্রকল্পটি তাঁর কাছে বিশেষ আবেগের। তাঁর মতে, জার্সিটি তাঁদের জীবনযাত্রা ও অভিজ্ঞতার প্রতিফলন। এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও উদ্দীপনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁদের প্রত্যাশা।
আগামী ২২ অক্টোবর থেকে ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর ৪ নভেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। শতবর্ষের ক্রীড়া সম্পর্ক উদ্যাপনের অংশ হিসেবে সেই সিরিজেই নতুন জার্সিতে দেখা যাবে নিউজিল্যান্ডকে।