স্পোটস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু ভিসা জটিলতায় শেষ মুহূর্তে পিছিয়ে গেছে যুবাদের যাত্রা। কবে নাগাদ ভিসা মিলবে, তা নিশ্চিত না হওয়ায় সিরিজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শনিবার ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল ফরিদ হাসান ফয়সালের দলের। তবে শুক্রবার রাতে ক্রিকেটারদের জানানো হয়, নির্ধারিত সূচিতে হচ্ছে না যাত্রা। পরবর্তী ফ্লাইটের সময় পরে জানানো হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) ভ্রমণসূচি পিছিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল।
সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের সিরিজ। তবে সোমবারের আগে ভিসা পাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে সিরিজ শুরু করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাম্প্রতিক গেম ডেভেলপমেন্ট ট্রফিতে ভালো করা ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলের নেতৃত্বে রয়েছেন ফরিদ হাসান ফয়সাল।