স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে উদ্দেশ করে ডি মারিয়া লিখেছেন, ‘তোমার প্রজন্মে জন্মাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এত বছর তোমার সঙ্গে ফুটবল উপভোগ করেছি, তোমার পাশে থেকে খেলেছি। আজ তুমি এমন একটি দরজা বন্ধ করে দিলে, যেটা কোনো আর্জেন্টাইনই বন্ধ হতে দেখতে চায়নি।’
মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশের জন্য তুমি যা করেছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনার পতাকাকে বিশ্বের সামনে সর্বোচ্চ জায়গায় তুলে ধরার জন্যও ধন্যবাদ। তোমার পাশে ১৮ বছর খেলতে পেরেছি। সেই সময়গুলোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।’
মেসি-ডি মারিয়ার দীর্ঘ পথচলায় আর্জেন্টিনা পেয়েছে চারটি বড় শিরোপা—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা। ২০২২ বিশ্বকাপ ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে অবদান রেখেছেন ডি মারিয়া।
বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন মেসি। বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন তিনি। ২০৮ ম্যাচে ১২৬ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও ম্যাচ খেলা ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই মহাতারকা।