স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের শিবির ছেড়ে মাঝপথে বেরিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাতে প্রশ্ন উঠেছে—পর্তুগালের জার্সিতে কি আর দেখা যাবে তাঁকে? কোচ জর্জে জেসুস অবশ্য দরজা বন্ধ করেননি। বরং স্পষ্ট করে বলেছেন, ফিরতে চাইলে রোনাল্ডোকে স্বাগত জানাবে পর্তুগাল।
নরওয়ের বিপক্ষে রোনাল্ডোবিহীন ম্যাচে ২–১ গোলের জয়ের পর জেসুস বলেন, ‘রোনাল্ডো ফিরতে চাইলে ফিরতে পারে। ওর জন্য জায়গা সব সময় খোলা। তবে সিদ্ধান্তটা ওকেই নিতে হবে। --- আনন্দবাজার
জাতীয় দলে নিজের ক্যারিয়ারের শেষটাও কীভাবে হবে, সেটিও রোনাল্ডোর ওপর ছেড়ে দিয়েছেন পর্তুগাল কোচ। তাঁর ভাষায়, ‘আমি ওকে বলেছিলাম, ওকে আমার দরকার। খেলুক বা না খেলুক, ওকে দলে দরকার। আমি এখনও একই কথা বলছি। বাকিটা ওর হাতে।
ডেনমার্ক ম্যাচের আগে জেসুস বলেছিলেন, রোনাল্ডোকে খেলাবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁরই। এরপর পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলে শিবির ছাড়েন রোনাল্ডো। ঘটনাটি নিয়ে তৈরি হয় বিতর্ক।
রোনাল্ডোর এই পরিস্থিতিতে হতাশ তাঁর সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও। ফ্রান্সের বর্তমান কোচ মনে করেন, এমন বিদায় রোনাল্ডোর প্রাপ্য নয়। জিদানের কথায়, ‘রোনাল্ডোর ক্যারিয়ারের শেষটা এভাবে হওয়া ঠিক নয়। এই বিদায় ওর প্রাপ্য নয়। ও যা করেছে, তা অবিশ্বাস্য। ওকে কুর্নিশ করা উচিত।
জাতীয় দলে ফিরবেন কি না, তা নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি রোনাল্ডো। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শিগগিরই ‘সব সত্য’ সামনে আনবেন। কী সেই সত্য, তা নিয়ে এখন অপেক্ষায় ফুটবলবিশ্ব।