স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেও জয় পেল পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পর গনসালো রামোসের গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল।
অন্যদিকে আর্লিং হলান্ডের গোলেও শেষ রক্ষা হয়নি নরওয়ের। ৩ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে দুইয়ে।
রোববার রাতে নরওয়ের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ১৭তম মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে নিচু শটে পর্তুগালকে এগিয়ে দেন ফেলিক্স। জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন তিনি।
বিরতির পর ৫১তম মিনিটে সমতায় ফেরে নরওয়ে। মার্টিন ওদেগোরের ফ্রি-কিক থেকে ফিরতি বল পেয়ে প্যাট্রিক বার্গের সহায়তায় গোল করেন হলান্ড। জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে এটি তার ৬৫তম গোল।
তবে সমতা বেশিক্ষণ টেকেনি। তিন মিনিট পরই নরওয়ের গোলরক্ষক আরিয়ান হশল নিলাদের ভুল পাসের সুযোগ নিয়ে বল কেড়ে নেন রামোস। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত শটে পর্তুগালকে আবার এগিয়ে দেন তিনি।
এরপর নরওয়ে একের পর এক আক্রমণ করলেও আর গোল পায়নি। ম্যাচে ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেও ২২টি শট নিয়ে মাত্র একবার জালের দেখা পেয়েছে তারা। পর্তুগালের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।
শেষ দিকে রামোস আরও একবার বল জালে পাঠালেও ভিএআরে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।