নিজস্ব প্রতিদেক : এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।
শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে শুরু থেকেই দাপট দেখান গৌরব-আয়মান। প্রথম গেমে ২১-৮ ব্যবধানে জয় তুলে নেন তাঁরা।
দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছে বাংলাদেশের জুটি। ২১-১২ ব্যবধানে গেম জিতে ২-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন গৌরব-আয়মান।
এশিয়ান গেমসে এবারই প্রথম ব্যাডমিন্টনে অংশ নিয়েছে বাংলাদেশ। অভিষেকেই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে নতুন মাইলফলক গড়লেন গৌরব ও আয়মান।