স্পোর্টস ডেস্ক : টাকার অঙ্কেই চমক! টি-টোয়েন্টি মুম্বই লিগে যুক্ত হলো আরও একটি দল। আগামী মৌসুমে নবি মুম্বইকে নিয়ে দলসংখ্যা দাঁড়াচ্ছে নয়টিতে। নতুন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট স্বত্ব বিক্রি হয়েছে ১০৬.৮৮ কোটি রুপিতে।
নবি মুম্বই দলের স্বত্ব ছয় বছরের জন্য পেয়েছে ‘অ্যাসপেক্টস স্পোর্টস’। প্রথম মৌসুমেই তাদের দিতে হবে ১২.২১ কোটি রুপি। নতুন ফ্র্যাঞ্চাইজির আগমনে লিগের বাণিজ্যিক পরিধির পাশাপাশি নবি মুম্বই অঞ্চলের ক্রিকেটারদের জন্যও তৈরি হবে বড় মঞ্চ।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, নবি মুম্বইয়ে লিগ নিয়ে যাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। মুম্বাইয়ের ক্রিকেট অবকাঠামোর প্রতিটি স্তরে খেলাটিকে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজদীপ গুপ্তও মনে করছেন, নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতার পরিধি বাড়বে। একই সঙ্গে ক্রিকেটারদের উন্নতির সুযোগও তৈরি হবে। দর্শকদের সঙ্গে লিগের যোগাযোগ আরও গভীর করার কথাও জানিয়েছেন তিনি।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা এই লিগের মুখ। আগে এখানে খেলেছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, শার্দূল ঠাকুর, সরফরাজ খান ও তুষার দেশপান্ডের মতো ক্রিকেটাররা।
নতুন দল, নতুন বিনিয়োগ—সব মিলিয়ে আরও বড় হচ্ছে টি-টোয়েন্টি মুম্বই লিগ। তবে এমসিএর লক্ষ্য শুধু ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানো নয়; এই লিগকে মুম্বাইয়ের নতুন ক্রিকেট প্রতিভা তুলে আনার বড় মঞ্চে পরিণত করাও।