স্পোর্টস ডেস্ক : একসঙ্গে বার্সেলোনাকে বহু ট্রফি জিতিয়েছেন তাঁরা। একসঙ্গে উপহার দিয়েছেন অনেক সুন্দর মুহূর্ত। তাঁরা দু’জনেই এখন দেশের হয়ে প্রাক্তন। তবে একজন ক্লাব ফুটবল খেলছেন। অপর জন কোচের ভূমিকায়। কোচ হয়ে নিজের প্রাক্তন সতীর্থ লিয়োনেল মেসিকে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরাতে চেয়েছিলেন জাভি। কিন্তু পারেননি।
একটি পডকাস্টে সেই গল্প শুনিয়েছেন জাভি। তিনি জানিয়েছেন, প্রথম বার ১৬ বছর বয়সে মেসিকে দেখেছিলেন তিনি। তখনই বুঝেছিলেন, অদ্ভুত প্রতিভার অধিকারী আর্জেন্টিনার ফুটবলার। তিনি বলেন, প্রথম দিন লিয়োকে দেখেই বুঝেছিলাম, ওর কী ক্ষমতা। অবলীলায় বার্সেলোনার সেরা ডিফেন্ডারদের বোকা বানাচ্ছিল। ফুটবল যেন ওর পায়ে লেগে থাকত। তখনই বুঝেছিলাম, বিশ্বের সেরা হওয়ার ক্ষমতা ওর মধ্যে রয়েছে।
বার্সা ছেড়ে প্যারিস সঁ জরমঁ-এ গিয়েছিলেন মেসি। সেখান থেকে তিনি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। বার্সার কোচ হওয়ার পর মেসিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন জাভি। তিনি বলেন, আমি চেয়েছিলাম লিয়োকে ফিরিয়ে আনতে। চেয়েছিলাম, ওর শেষটা বার্সায় হোক। অনেক কথা বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। হলে তার থেকে ভাল কিছু হত না।
মেসির সঙ্গে ক্রিশ্চিয়োনা রোনাল্ডোর তুলনা করেছেন জ়াভি। তাঁর মতে, রোনাল্ডো দুর্দান্ত গোলস্কোরার। কিন্তু মেসি গোল করেন, গোল করান। প্রয়োজনে মাঝমাঠে খেলেন। প্রয়োজনে ফল্স নাইনে খেলতে পারেন। সেই কারণেই মেসিকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জাভি।