স্পোর্টস ডেস্ক : গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচটিই দলটির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। একই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিও শেষবার মাঠে নেমেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর এবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোর সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে স্কালোনির দল। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর ৩ ও ৬ অক্টোবর বুরকিনা ফাসো এবং বেনিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এএফএ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, তিন ম্যাচের ভেন্যুও নির্ধারিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা কর্ডোবায়। এরপর ৩ ও ৬ অক্টোবর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে দুটি ম্যাচই হবে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনার সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়ও শেষ হয়েছে। গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া মেসিকে ঘিরে তাই বিশেষ কিছু করার পরিকল্পনা থাকতে পারে এএফএর।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, সেপ্টেম্বর-অক্টোবরের ঘরের মাঠের প্রীতি ম্যাচে মেসিকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে। ফলে আসন্ন ম্যাচগুলো ঘিরে সমর্থকদের আগ্রহের বড় একটি কারণ হতে পারেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই তারকা।