স্পোর্টস ডেস্ক :আগামী অক্টোবরে পাঞ্জাবের মোহালি ও জলন্ধরে হতে চলা পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় অংশ নেবে পাকিস্তান। সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী বহুদেশীয় প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে পারবে।
আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ভারত, পাকিস্তান, চিন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। লিগ পর্বের ম্যাচগুলি হবে জলন্ধরে, আর সেমিফাইনাল ও ফাইনাল হবে মোহালিতে।
কোনও দল শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বিকল্প হিসেবে ওমান ও বাংলাদেশকে রাখা হয়েছে। এশিয়ান হকি ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা প্রতি বছর হওয়ার কথা থাকলেও গত বছর তা হয়নি। -- আজকাল
ভারত এবারের প্রতিযোগিতায় নামবে গতবারের চ্যাম্পিয়ন হিসেবে। ২০২৩ সালে চেন্নাই এবং ২০২৪ সালে চিনের হুলুনবুইরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খেতাব জিতেছিল ভারত।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ভগবন্ত মান বলেন, বহুদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই। তাঁর কথায়, “মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে কোনও সমস্যা নেই। সম্ভবত ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যাবে না।
হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলা নাথ সিং ভারত ও পাকিস্তানের হকি ফেডারেশনের সম্পর্ককে ‘চমৎকার’ বলে দাবি করেছেন। তিনি বলেন, দুই দেশের হকি প্রশাসনের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে।
ভোলা নাথ সিংয়ের কথায়, ভারত পাকিস্তানকে হারালেও তিনি প্রথমে পাকিস্তানি দলের সঙ্গে দেখা করেন। দুই দেশের খেলোয়াড়দের মধ্যেও পারস্পরিক সম্মান রয়েছে বলে জানান তিনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা সফল করতে সরকার সবরকম সহযোগিতা করবে। ২৭ অক্টোবর জলন্ধরে শুরু হবে প্রতিযোগিতা এবং ৫ নভেম্বর মোহালিতে হবে ফাইনাল।