স্পোর্টস ডেস্ক : আগে গোল করে স্বপ্নপূরণ তো হলোই না, উল্টো গোল হজম করে মাঠ ছাড়লো পিএসজি। ঘরের মাঠে প্রথম ম্যাচ, এগিয়ে যাওয়ার স্বস্তিও হলো সঙ্গী, কিন্তু জয় ধরা দিল না পিএসজির। বরং দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে মোনাকোর বিপক্ষে হেরে গেল লুইস এনরিকের দল।
লিগ আঁয় শুক্রবার ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। আসরে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ২-২ ড্র করে পিএসজি, যথাক্রমে রেন ও লিলের মাঠে। তৃতীয় ম্যাচে এসে হারের তেতো স্বাদ পেতে হলো তাদের।
প্রথম জয়ের লক্ষ্যে পিএসজির শুরুটা ছিল ইতিবাচক। ৩১তম মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। ৫৮তম মিনিটে নাজিনিয়োর গোলে ম্যাচে ফেরে মোনাকো। আর ৭২তম মিনিটে ইদুম্বোর গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।
নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চার ম্যাচে জয়হীন রইল পিএসজি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করে তারা। এরপর লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপে হেরে উল্টো পথে যাত্রা শুরু হয় তাদের। লিগ টেবিলে পিএসজি নেমে গেছে ১২ নম্বরে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো।