শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলে বসেই ফ্রা‌ন্সের অ‌ধিনায়ক এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ 

স্পোর্টস ডেস্ক : অপহরণকারীদের নিশানায় ছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে ফরাসি পুলিশের তৎপরতায় ভেস্তে যায় দুষ্কৃতীদের পরিকল্পনা। শুধু রিয়াল মাদ্রিদের তারকা নন, ফুটবলার, র‍্যাপার এবং ব্যবসায়ী মিলিয়ে মোট ২৬ জনকে অপহরণের ছক কষেছিল এক দুষ্কৃতী চক্র। ব্যাপারটা কী? 

স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় ১৮ বছরের ক্লেমঁ এল নামে এক যুবককে মূল ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করত সে। সশস্ত্র ডাকাতি এবং দালালির অভিযোগে বর্তমানে জেলে রয়েছে ক্লেমঁ। তদন্তকারীদের দাবি, কারাগারে থেকেও সোশাল মিডিয়া, বিশেষ করে স্ন্যাপচ্যাটের মাধ্যমে চক্রটির কাজকর্ম পরিচালনা করত সে। সহযোগীদের নির্দেশও দিত।

গত এপ্রিল মাসে একটি ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে ক্লেমঁর অপরাধমূলক কর্মকাণ্ডের সূত্র পায় পুলিশ। তার দু’টি মোবাইল ফোন পরীক্ষা করে তদন্তকারীরা ২৬ জনের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য সংবলিত একটি তালিকা উদ্ধার করেন। পুলিশ মনে করছে, তালিকায় থাকা ব্যক্তিদের অপহরণের পরিকল্পনা করেছিল চক্রটি। সেই তালিকাতেই ছিল এমবাপের নাম। ফ্রান্সের অধিনায়কের সম্পর্কে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছিল দুষ্কৃতীরা। তালিকায় ছিলেন তুরস্ক ও চিনা ব্যবসায়ী-সহ একাধিক ধনী ব্যক্তি, র‌্যাপার এবং গয়না ব্যবসায়ীও।

জিজ্ঞাসাবাদে অবশ্য নিজের ভূমিকা ছোট করে দেখানোর চেষ্টা করেছে ক্লেমঁ। তার দাবি, সে চক্রটির মূল মাথা নয়। বরং কোনও এক রহস্যময় ‘বস’ এবং সরাসরি অপরাধে যুক্ত সহযোগীদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করত সে। যদিও তদন্তকারীদের মতে, জেল থেকেই ‘লেস্টার জেড’ নামে চক্রটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এমবাপে-সহ ২৬ জনকে নিয়ে ঠিক কী পরিকল্পনা করা হয়েছিল, সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে ফরাসি পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং সোশাল মিডিয়ায় তথ্য খতিয়ে দেখে চক্রটির সঙ্গে আরও কারা যুক্ত ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

  • সর্বশেষ