স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে বেশ ভালো করেছে বাংলাদেশ। ডারউইনে সবাইকে অবাক করে দিয়ে অজিদের হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সুযোগ তৈরি হয়েছিল, প্রথমবারের মতো অজিদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতার। তবে সেটি না হলেও, প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফর অনেকদিন ধরেই মনে থাকবে বাংলাদেশের। ডারউইন টেস্টে হারের পর সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জিতে তাতে কিছুটা প্রলেপ দিয়েছে প্যাট কামিন্সের দল। তবে দুই দলের মধ্যে লড়াইটা হয়েছে দারুণ।
সদ্য সমাপ্ত সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছেন অ্যালেক্স ক্যারি। অজি এ ক্রিকেটার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দিনগুলোতে তারা বাংলাদশকে টেস্ট প্রতিপক্ষ হিসেবে পাবেন। তবে ক্রিকেটারদের চাইলে তো হবে না, ঘোষণা আসতে হবে দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে। কারণ এসব ঠিক করে ক্রিকেট বোর্ড। --- ডেইলি ক্রিকেট
এই সিরিজের আগে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। ঢাকাতে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অজিরা। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে টাইগারদের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছে তারা। আর তিন সংস্করণেই প্রতিদ্বন্দ্বীতা হয়েছে বলে মনে করেন ক্যারি।
তিনি বলেন, এটি একটি রোমাঞ্চকর সিরিজ ছিল, চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
ক্যারি আরও জানান, আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে আমরা বাংলাদেশকে আরও অনেকবার দেখতে পাব। আমরা তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে চাই। ম্যাচের পর তাদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়াটাও বেশ ভালো লাগার।